চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৮:৪১ অপরাহ্ণ

চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী অবস্থান করছেন। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পৃথিবী থেকে বহুদূরে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী।এর মধ্য দিয়ে চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো বিদেশি নভোচারীর অংশগ্রহণের ঘটনা ঘটল।

চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়। সংস্থাটি অভিযানকে সম্পূর্ণ সফল বলে জানিয়েছে

 

মহাকাশে যাত্রার সময় সঙ্গে নিয়েছেন বাবা ও সন্তানদের হাতে লেখা কয়েকটি চিঠি। মহাকাশে থাকার সময় এই চিঠিগুলোই জোগাবে তাঁর অনুপ্রেরণা। আর মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকিয়ে তিনি খুঁজবেন নিজের বাড়ির আলো।

৪০ বছর বয়সী এই পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটের জীবনে এমন এক মুহূর্ত এসেছে, যার অপেক্ষায় ছিল তাঁর পুরো দেশ। প্রথম পাকিস্তানি হিসেবে তিনি মহাকাশে পা রাখতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মহাকাশযাত্রার ইতিহাসে দীর্ঘ ৪২ বছরের এক বড় ব্যবধান ঘুচে যাচ্ছে। ১৯৮৪ সালে ভারত প্রথম কোনো নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল; চার দশকের বেশি সময় পর এবার পাকিস্তান সেই এলিট ক্লাবে যুক্ত হতে যাচ্ছে।

তবে জিশানের হাত ধরে শুধু পাকিস্তানই নয়, ইতিহাস গড়তে যাচ্ছে চীনও। দেশটি নিজেদের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে এত দিন কোনো বিদেশি নভোচারীকে নেয়নি। জিশানের জন্য প্রথমবারের মতো সেই দুয়ার খুলেছে বেইজিং।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে শেনঝৌ-২৪ মহাকাশযানে যাত্রা করেন জিশান। তাঁর সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী থাং হংবো ও উ ই।

মহাকাশে যাত্রার আগে মঙ্গলবার সাংবাদিকদের সামনে জিশান জানালেন, মহাকাশে তিনি শুধু নিজের স্বপ্নপূরণ করতে যাচ্ছেন না; তাঁর কাঁধে রয়েছে পাকিস্তানের ২৫ কোটি মানুষের আশা।

 

যে চীন একসময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) জায়গা পায়নি, সেই দেশটিই এখন নিজের মহাকাশ স্টেশনে অন্য দেশের নভোচারীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল। আর এই যাত্রায় প্রথমেই বেছে নিয়েছে পাকিস্তানকে। কিন্তু কেন?

আকাশের লড়াকু থেকে মহাকাশের যাত্রী

জিশান পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট, যাঁর সুপারসনিক যুদ্ধবিমান চালানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তবে আকাশে বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকলেই মহাকাশযানে চড়ে পৃথিবী ছাড়া যায় না। এ জন্য জিশানকে পেরোতে হয়েছে বেশ কয়েকটি কঠিন ধাপ।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রয়টার্স জানিয়েছে, নভোচারী পাঠানোর এই পরিকল্পনার সূত্রপাত ২০১৯ সালে। সংস্থাটি সম্ভাব্য নভোচারীদের তালিকায় রেখেছিল পাকিস্তানের পাইলট ও বিজ্ঞানীদের।

নির্বাচকেরা প্রার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক চাপ সামলানোর ক্ষমতাও পরীক্ষা করেন। মহাকাশযান উৎক্ষেপণের সময় শরীরের ওপর স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যে বল কাজ করে, তা সহ্য করার সক্ষমতাও তাঁরা বিবেচনায় নেন।

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে শেনঝৌ-২৪ অভিযানের আগে সংবাদ সম্মেলনে স্যালুট জানাচ্ছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। ২৪ নভেম্বর চীনের গানসু প্রদেশের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে শেনঝৌ-২৪ অভিযানের আগে সংবাদ সম্মেলনে স্যালুট জানাচ্ছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। ২৪ নভেম্বর চীনের গানসু প্রদেশের জিউচুয়ান স্যাটেলাইট

বিশেষ করে সেন্ট্রিফিউজ যন্ত্রে টানা আট গুণ মহাকর্ষীয় চাপ বা ৮-জি বল সহ্য করা এবং পানির নিচে ভারী ফেইতিয়ান স্পেসস্যুট পরে ঘণ্টার পর ঘণ্টা কৃত্রিম ভরশূন্যতায় কাজ করার সক্ষমতা যাচাই করা হয়।

সুপারকোর কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের পরিচালক উজায়ের আনসারির মতে, উচ্চগতিতে বিমান চালানোর অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা এ ক্ষেত্রে এগিয়ে থাকেন। বিজ্ঞানীদের মধ্যে এমন অভিজ্ঞতাসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

বাছাইয়ের শেষ পর্যায়ে থাকা প্রায় ২০ প্রার্থীর মধ্য থেকে সুপারকো শেষ পর্যন্ত দুজনকে বেছে নেয়, জিশান আলী ও খুররম দাউদ। দুজনই পাকিস্তান বিমানবাহিনীর পাইলট।

গত ২৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন তাঁরা। পরদিন চীনের মহাকাশ দিবসে বেইজিংয়ের নভোচারী প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয় তাঁদের প্রশিক্ষণ।

সাত মাস ধরে পাশাপাশি প্রশিক্ষণ নিয়েছেন দুজন। তাঁদের গন্তব্যও ছিল এক। তবে মহাকাশযানে পাকিস্তানের জন্য আসন বরাদ্দ ছিল মাত্র একটি।

শেষ পর্যন্ত সেই আসনে বসার সুযোগ পেয়েছেন জিশান। তবে সহযাত্রী হতে না পারলেও খুররমের অবদান ভোলেননি তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁদের দুজনের মধ্যে যিনিই মহাকাশে যান না কেন, এই ইতিহাস তাঁরা একসঙ্গেই গড়েছেন।

 

পূর্বকোণ/মিফতা

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট