দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার করতে গত সোমবার ফটিকছড়িতে রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। ভোর তখন বাজে পাঁচটা। রাতভর অভিযান চালানোর পর পুলিশ সদস্যরা যখন ক্লান্ত ঠিক তখনি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের মুঠোফোনে ফোন দেন সন্ত্রাসী রায়হান নিজে। অভিযানের একদিন পর রায়হানের সঙ্গে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের মুঠোফোনের আলাপ প্রকাশ্যে আসে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় নিজের ফেসবুকের ওয়ালে প্রায় ১০ মিনিটের কথোপকথনের অডিও ক্লিপ পোস্ট করেন রায়হান। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, মঙ্গলবার ভোর পাঁচটায় যখন আমরা অভিযানে ব্যস্ত সেই সময় রায়হান ফোন করেছিল। তাকে আমরা আত্মসমর্পণ করার কথা বলি। যে অডিও রেকর্ডটি ছাড়া হয়েছে সেটি সত্য। তবে সাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে যাবার বিষয়টি সঠিক নয়। কারণ অভিযানের সময় দুইশ ফুট পর পর পুলিশের চেকপোস্ট ছিল। শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে রায়হানকে আত্মসমর্পণের কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। তবে রাজনৈতিক মামলার ভয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সোর্স আফসার হত্যায় অভিযুক্ত সহযোগী কাদেরকে ধরিয়ে দিয়ে ‘বেইমানি’ করতেও অস্বীকৃতি জানান রায়হান। ফোনালাপে উঠে এসেছে আরও কিছু চমকপ্রদ তথ্য। পুলিশের গাড়ির পাশ দিয়েই বাইসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়া, অভিযানস্থলে দুবাই থেকে আনা নতুন ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ হারানো এবং দুর্গম এলাকায় জোঁকের কামড় ও নিজের গায়ের রং নিয়েও পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন এই শীর্ষ সন্ত্রাসী।
কথোপকথনের একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ রায়হানকে জানান, আজকের মধ্যে আত্মসমর্পণ করলে তার জন্য বিশেষ সুবিধা থাকবে। রায়হান জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনি যতটুকুর সাথে জড়িত, ঠিক ততটুকুর জন্যই ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আর একটি মামলাও হবে না, কথা দিলাম।’ একেবারে ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি, আপনাকে কিছু করব না। পুরো চট্টগ্রামে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার কাছে ধরা দিলে সেই বিশ্বাসের মর্যাদা রাখা হয়।
জবাবে রায়হান বিদ্রুপ করে জানতে চান, অফার হিসেবে তাকে কাপড় ধোয়ার ‘হুইল পাউডার’ দেওয়া হবে কি না। আত্মসমর্পণে অনীহার কারণ ব্যাখ্যা করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনও তাদের এক সহযোগীকে একই ধরনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন আত্মসমর্পণ করলে তাকে আট-দশ বছর কারাগারে আটকে রাখা হবে। বিএনপি বা আওয়ামী লীগ- যে দলই ক্ষমতায় আসুক, তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হবে।
রায়হান আরও দাবি করেন, এর আগেও চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় উল্টো তার কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে নেওয়া হয় এবং তিনি বড় ধরনের বিপদে পড়েন।
তিনি মাজার জিয়ারত করতে বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎ রাস্তায় গাছ ও গাড়ি ফেলে পথরোধ করা হয় এবং গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে রায়হান প্রশ্ন তোলেন, ‘তিনটা লোক শুধু শুধু গুলি খাইল না? এরা কেন আমাকে রাস্তায় আটকাইল?’
রায়হান বলেন, তারেক আজিজের গাড়ির পাশ দিয়েই তিনি বাইসাইকেল চালিয়ে চলে গেছেন, কিন্তু পুলিশ তাকে চিনতে পারেনি। তিনি ফটিকছড়ি এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেছেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর ট্র্যাক বা স্ক্যান করে দেখার কথাও বলেন। একই সঙ্গে পুলিশ ৫০ হাজার টাকা দিয়ে কোনো ট্র্যাকিং অ্যাপ কিনেছে কি না বা তার আশপাশে পুলিশের কোনো সোর্স আছে কি না, তা জানতে চান। তবে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ এমন তথ্য নাকচ করে দেন।
ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ‘ফটিকছড়ির সোর্স আফসারকে গতকাল কাদের গিয়ে গুলি করল, এটা কি খুব ভালো হয়েছে?’ জবাবে রায়হান জানান, তিনি বিষয়টি শুনেছেন। কাদের এক মাস আগে তার দল ছেড়ে চলে গেছেন। বর্তমানে কাদের তার সঙ্গে নেই। পুলিশ কর্মকর্তা কাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বললে রায়হান তা প্রত্যাখ্যান করে বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’ এ ছাড়া নিজের চেয়েও বড় বড় গ্যাং থাকা সত্ত্বেও পুলিশ কেন শুধু তাকেই খুঁজছে তা নিয়ে উল্টো প্রশ্ন তোলেন। ঘাড়ে জোঁক ধরার কথা উল্লেখ করে রায়হান পুলিশ সদস্যদের জোঁকের কামড়ের ওষুধ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তারেক আজিজ বলেন, ‘জোঁক আমাদেরও অনেকগুলো ধরছে। এখন আসেন, দুই ভাই মিলে জোঁকের চিকিৎসা একসাথে করি।’
কথোপকথনের একটি অংশে রায়হান বলেন, পুলিশ তাকে ‘বেঁটে, কালো, খাটো’ বলে প্রচার করায় তিনি মনে কষ্ট পেয়েছেন এবং এতে তার পরিবারে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রিম মেখে তিনি এখন ফর্সা হয়ে গেছেন দাবি করলে তারেক আজিজ জানান, মানুষ যাতে সহজে চিনতে পারে সেজন্যই ওই বর্ণনা দেওয়া হয়েছিল। এ ছাড়া তারেক আজিজ চট্টগ্রামে আর কত মাস আছেন এবং তার পরিবার সেখানে থাকে কি না, সে বিষয়েও খোঁজ নেন রায়হান।
পূর্বকোণ/ইবনুর

















