চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চাইলেন অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এই আদেশ প্রার্থনা করেন।
 
এদিন বিটিভি ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে হাজির রয়েছেন জিয়াউল আহসান।
 
গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
 
তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি।
 
 
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই ট্রাইব্যুনাল উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালত। বাংলাদেশের নিজস্ব আদালত হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের সকল প্রকার সুযোগ লাভ করেছে। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ দ্বারা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই আসামি যে অপরাধ করেছে তা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ। যা আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।
 
 
রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়েছেন, যেন এটি খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। অতএব ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে।
 
এর আগে গত মঙ্গলবার মামলায় যুক্তিতর্ক শুরু হয়। সেদিন আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
 
গত দুদিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন. এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
 
জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি গ্রেপ্তার হন।
 
 
পূর্বকোণ/মিফতা
 
 
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট