চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিনাখরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিনাখরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৯:১৩ অপরাহ্ণ

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণ উপলক্ষে প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী।

 

সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। কর্মীদের বিদেশে কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হবে। এর আগে, বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তীসময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ।

 

 

পূর্বকোণ/মিফতা

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট