চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ৫৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ৫৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৬ | ১:৪১ অপরাহ্ণ

ফেনীতে পৃথক অভিযানে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কক্সবাজারের উখিয়ান উত্তর পুকুরিয়া তেলি পাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো. তারেক (২১), চট্টগ্রামের ফটিকছড়ি থানার সাদিনগরের বাসিন্দা আমিনুল হকের ছেলে ও প্রাইভেটকারচালক নাজমুল হক (২৫), উখিয়া থানার পশ্চিম ডিগলিয়া পালংয়ের বাসিন্দা আমির হামজার ছেলে আবুল হাশেম (২০), উখিয়ার পশ্চিম রত্নার বাসিন্দা মৃত ফরিদ আলমের ছেলে ও প্রাইভেটকারচালক মো. ইউসুফ (২০) এবং উখিয়ার মহুরী পাড়ার বাসিন্দা মনির আহমদের ছেলে মো. ইমন হাসান (২০)।

 

এসআরবি-৭ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী দুটি প্রাইভেটকারে মাদক পরিবহনের তথ্য পেয়ে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দুপুর ১টা ৪০ মিনিটে একটি প্রাইভেটকার তল্লাশি করে মো. তারেক ও নাজমুল হককে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পেছনে আসা অপর একটি প্রাইভেটকারে ইয়াবা রয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে দ্বিতীয় প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে আবুল হাশেম, মো. ইউসুফ ও মো. ইমন হাসানকে আটক করা হয়। ওই প্রাইভেটকারের সামনের অংশে ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকানো একটি কার্টুনের ভেতর খাকি কাগজে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার আসামি উদ্ধার ইয়াবা ও জব্দকরা প্রাইভেটকারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট