চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি তুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরীর সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, খাল-নালা ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ, পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং নগর উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব বণ্টন নিয়ে এই আপত্তি জানানো হয়েছে। এছাড়া, সিডিএ’র খসড়া মাস্টারপ্ল্যানের বেশ কিছু ধারা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে জানিয়েছে চসিকের কারিগরি কমিটি।
গত ১৭ নভেম্বর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারিগরি কমিটির ১৩ পাতার পর্যালোচনা প্রতিবেদন সিডিএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। চিঠিতে চূড়ান্ত অনুমোদনের আগে খসড়া মাস্টারপ্ল্যানটি প্রয়োজনীয় সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।
চসিকের পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া মাস্টারপ্ল্যানে সিডিএকে ‘শীর্ষ কর্তৃপক্ষ’ এবং চসিককে কেবল ‘নগর সেবা প্রদানকারী’ বা সহযোগী সংস্থা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি ২০০৯ সালের সিটি কর্পোরেশন আইনের ৪১ ধারার সুস্পষ্ট পরিপন্থী। খসড়ায় চসিক এলাকাকে ভেঙে হাটহাজারীসহ জোন-৩ এবং সীতাকুণ্ডসহ জোন-৪ গঠন করে সমান্তরাল রক্ষণাবেক্ষণ ও উচ্ছেদ শাখা খোলার প্রস্তাব করা হয়েছে, যা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে।
এছাড়া প্রস্তাবিত নগর উন্নয়ন সমন্বয় কমিটিতে (সিডিসিসি) সিডিএ চেয়ারম্যানকে সদস্যসচিব ও ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করায় চসিকের নির্বাচিত সাধারণ পরিষদের ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সমন্বিত নগর ব্যবস্থাপনার স্বার্থে খসড়ায় ‘নগর সরকার’ (সিটি গভর্নমেন্ট) ধারণা অন্তর্ভুক্ত করা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে চসিকের ছাড়পত্র বাধ্যতামূলক করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।
সড়ক-পরিবহন খাতে উপেক্ষা ও তথ্যগত অসংগতি: আইনগতভাবে নগরীর সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিকের ওপর ন্যস্ত থাকলেও ট্রাফিক ও ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত ৬৭টি নতুন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের একটিতেও চসিককে বাস্তবায়নকারী সংস্থা রাখা হয়নি। উল্টো সিটি কর্পোরেশন সীমানার বাইরে আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী, বোয়ালখালী, সীতাকুণ্ড, রাউজান ও হাটহাজারীতে বাস টার্মিনাল স্থাপনের দায়িত্ব চসিককে দেওয়া হয়েছে, যেখানে সংস্থাটির কোনো আইনি এখতিয়ারই নেই।
ট্রাফিক ও সিগন্যাল ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছে চসিক। প্রস্তাবিত পরিকল্পনায় সিগন্যাল ইন্টিগ্রেশন ও ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্রের দায়িত্ব চসিকের হলেও ট্রাফিক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপি ও বিআরটিএকে। ফলে মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অস্পষ্টতা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে দায়িত্ব নির্ধারণে একটি সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাতিল হওয়া প্রকল্প এখনো খসড়া মাস্টারপ্ল্যানে:
প্রতিবেদনে খসড়াটির তথ্যগত হালনাগাদের ঘাটতিও চিহ্নিত করা হয়েছে। ১ জুন ২০২৫ তারিখে ওরাকম-অ্যারাব কন্ট্রাক্টরসের সঙ্গে স্বাক্ষরিত মনোরেল সমঝোতা স্মারক গত ২৪ জুন চসিক আনুষ্ঠানিকভাবে বাতিল করে। অথচ বাতিল হওয়া সেই প্রকল্পটি এখনো খসড়া মাস্টারপ্ল্যানে বহাল রাখা হয়েছে।
জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনায় অবাস্তব প্রস্তাব: জলাবদ্ধতা নিরসনে খসড়া মাস্টারপ্ল্যানে রেগুলেটরযুক্ত খালগুলো পাঁচ বছরে একবার পরিষ্কারের সুপারিশ করা হয়েছে। চসিকের কারিগরি কমিটি এই প্রস্তাবকে চট্টগ্রামের পলি ও বর্জ্যের বাস্তবতায় সম্পূর্ণ অকার্যকর উল্লেখ করে বর্ষার আগে বছরে অন্তত একবার খাল পরিষ্কারের দাবি জানিয়েছে। পাশাপাশি সিডিএর চলমান মেগা জলাবদ্ধতা নিরসন প্রকল্প শেষ হওয়ার পর তা চসিকের কাছে হস্তান্তর এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অর্থসংস্থানের কোনো রূপরেখা খসড়ায় রাখা হয়নি বলে আপত্তি জানানো হয়।
এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবেশগত ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় ল্যান্ডফিল নির্মাণ নিষিদ্ধ হওয়া সত্তে¡ও সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হালিশহর, কাট্টলী ও মোহরায় ল্যান্ডফিল স্থাপনের প্রস্তাব করা হয়েছে। চসিক সতর্ক করে বলেছে, এসব এলাকায় ল্যান্ডফিল হলে ভ‚গর্ভস্থ পানি ও আশপাশের খাল মারাত্মকভাবে দূষিত হবে।
মাঠের সংকট ও আনোয়ারায় পরিবেশগত ঝুঁকি: মাস্টারপ্ল্যানের নিজস্ব মানদণ্ড অনুযায়ী প্রতি ১ হাজার জনসংখ্যার বিপরীতে ১ একর খেলার মাঠ ও উন্মুক্ত স্থান থাকার কথা। সে হিসাবে চসিকের বর্তমান জনসংখ্যার জন্য প্রায় ৩ হাজার ২৭০ একর উন্মুক্ত স্থান প্রয়োজন হলেও খসড়ায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১ হাজার ৭৩০ একর, যা মোট জমির মাত্র শূন্য দশমিক ৫৬ শতাংশ।
কাফকো ও সিইউএফএল অ্যামোনিয়া সার কারখানার পাশে কোনো নিরাপত্তা বলয় ছাড়াই উচ্চ ঘনত্বের আবাসিক বসতি স্থাপনের প্রস্তাবকে সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সিডিএ’র প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে আমাদের কারিগরি কমিটি পর্যালোচনা করে। যেখানে বেশ কিছু বিষয় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আমাদের কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী খসড়া মাস্টারপ্ল্যান সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।
মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিচালক ও সিডিএ’র উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম বন্দরসহ সব সেবা সংস্থাকে খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে মতামত দিতে বলা হয়েছে। সব সংস্থা তাদের মতামত দিচ্ছে। পাশাপাশি কোন পরামর্শ থাকলেও সেটা জানাতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, যে সব সংস্থা বা প্রতিষ্ঠান মতামত-পরামর্শ দিচ্ছে তা আমরা মাস্টারপ্ল্যানের কন্সালটেন্সি ফার্মকে দিচ্ছি। তারা বিষয়টি দেখবে।
পূর্বকোণ/ইবনুর

















