চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

`কাজ না করলে মারধর, সারাদিনে একবেলা খাবার'- মানবেতর জীবন পেরিয়ে দেশে ৪১ জেলে

`কাজ না করলে মারধর, সারাদিনে একবেলা খাবার’- মানবেতর জীবন পেরিয়ে দেশে ৪১ জেলে

টেকনাফ সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ণ

সাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া বাংলাদেশের ৪১ জেলে ও মাঝিমাল্লাকে ফেরত আনা হয়েছে। বন্দিশালায় মারধর, আট ঘণ্টা পর্যন্ত শ্রম ও সারাদিনে মাত্র একবেলা খাবারের মতো মানবেতর জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন তারা

বৃহস্পতিবার (২৬ নভম্বের) বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট সংলগ্ন সীমান্ত এলাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আরাকান আর্মি তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। ফেরত আসা ৪১ জনই বাংলাদেশি। ফেরত আসা এসব জেলের কারও বন্দিজীবনের বয়স প্রায় নয় মাস, আবার কারও দুই বছরেরও বেশি।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশে ফেরা জেলেদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে জালিয়া পাড়ার আবুল হোসেন (৬০)। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, পাঁচ জন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে নিয়ে যান।

আবুল হোসেন বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।’

‘জাহান্নাম দেখে জান্নাতে’ ফেরত এসেছি মনে হচ্ছে উল্লেখ করে আবুল হোসেন বলেন, ‘অবশেষে দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দেশে এসে বিজিবির কাছ থেকে নয় মাস পর পেট ভরে খাবার পেয়েছি। সেখানে রোহিঙ্গাসহ আরও অর্ধশতাধিক জেলে আটক রয়েছেন।’

আরাকান আর্মির বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন টেকনাফের পৌরসভার জালিয়া পাড়ার বাসিন্দা মো. শাহেদ। তিনি বলেন, ‘নতুন জন্ম নিয়ে দেশে ফিরে এসেছি। এজন্য বিজিবির কাছে কৃতজ্ঞতা জানাই। না হলে সারাজীবন অমানবিক নির্যাতনের শিকার হতাম আরাকান আর্মির কাছে।’

তিনি বলেন, ‘আমাদের দিয়ে ১৫০টির বেশি ঘর নির্মাণের কাজ আদায় করেছে আরাকান আর্মি। প্রায় ৯ মাস বন্দি থাকতে হয়েছে। এ সময় প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষিকাজে শ্রমিক হিসেবে কাজ করানো হতো। কাজ করতে রাজি না হলে মারধর করা হতো। সেখানে আমাদের জেলে বন্দী রয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, ‘আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফেরত আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরত আসা জেলেদের যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে সর্বশেষ ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নাফ নদীর শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং সাতজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট