চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশ রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্দ হয়ে এলাকাবাসী অভিযুক্তদের উপর চড়াও হয়ে গণধোলাই করে তাদের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ওই এলাকার বাসিন্দা মো. নূর ইসলাম, মো. আনোয়ার ও মো. নজরুল ইসলাম। তাদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সানমার কলোনিতে বাঁশ রাখাকে কেন্দ্র করে মো. আলম নামের এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশি নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলম ও তার ছেলে মো. মাসুমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ওই তিনজনের ওপর হামলা চালিয়ে আহত করেন।
খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্তের ছেলে মাসুম বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে আলম ও তার ছেলে মাসুমকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ পারভেজ বলেন, ‘বাঁশ রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে আলম ও তার ছেলে মিলে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আলমের বাড়িতে হামলা চালান।’
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নির্মাণসামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/রাকিব

















