চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ আক্রান্ত হলে দিল্লির মসনদও তছনছ হয়ে যেতে পারে: হেফাজত

বাংলাদেশ আক্রান্ত হলে দিল্লির মসনদও তছনছ হয়ে যেতে পারে: হেফাজত

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার বিষয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত ভারতের সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই বার্তা দেন। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর স্বাক্ষরে বিবৃতিটি পাঠানো হয়।
 
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন,‘ভারতের পাপেট ও পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক এখন ভয়ে আছে। সে কারণেই পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকির পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।’
 
ভারতের প্রতি হুঁশিয়ারি করে বিবৃতিতে আরও বলা হয়,‘আজকের বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়, এই বাস্তবতা বদলে গেছে। ভারতের হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ভারত। মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও ভারতের হাতে লেগে আছে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ভারতকে একদিন শোধ করতেই হবে।’
 
সংখ্যালঘু ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করে হেফাজত নেতারা বলেন,‘নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই প্রোপাগান্ডা-যুদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।’
 
বিবৃতির শেষে কড়া সতর্কবার্তা দিয়ে বলা হয়,‘কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইয়ে ইমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোও আমাদের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস।’
 
পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট