সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার সাতজন। গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০২ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৪৭৬ জন।
গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ২৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/ইবনুর

















