চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এসময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দেওয়া ও তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূজপুর থানা এলাকার পাহাড়বেষ্টিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)। বাকি দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুয়াবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তল শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে রায়হানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। একই সঙ্গে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জেলা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/পিআর

















