চট্টগ্রামে দুর্যোগকালীন জরুরি উদ্ধার অভিযান পরিচালনা এবং অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে যৌথ প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন কোস্ট গার্ডের ১৪ জন সদস্য। ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের সময় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপ্রধান মিশন ট্রিশিতা মওলা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে এ যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বাড়বে।
প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
পূর্বকোণ/পিআর

















