ক্লাসে পাঠদান বাদ দিয়ে কোচিং সেন্টারে সময় দেওয়া এবং রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এ ধরনের শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন,‘অনেক শিক্ষক রয়েছেন, যারা ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে গিয়ে পড়ান। আমি তাদের তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোনোভাবেই কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।’
রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িত হওয়ার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন,‘বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিং করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহী কাজ করবেন না।’
এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে এহছানুল হক মিলন বলেন,‘এবার এইচএসসির প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এখন থেকে পড়ালেখা করেই পাস করতে হবে।’
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন,‘এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়নি। মনে রাখতে হবে, আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,‘লেখাপড়া না করলে পাস করা যাবে না। কিছুদিন পর যখন চাকরিতে যাবেন, তখন প্রশ্ন করা হবে আওয়ামী লীগের সময় পাস করেছেন, নাকি বিএনপির সময়? আওয়ামী লীগের সময় পাস হলে চাকরি হবে না, বিএনপির সময় হলে চাকরি হবে। কারণ বিএনপির সময় না পড়লে পাস করা যায় না। তাই সবাইকে পড়ামুখী হতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক।
পূর্বকোণ/এমএইচ

















