চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়েছে।
 
 
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল দলের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।
 
 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, “মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন।
 
 
 
 
“আজ (বৃহস্পতিবার) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।”
 
 
ডরিনের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ডের বিরোধিতা করে বলেন, “মামলায় ডরিনের মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন।”
 
 
 
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ‘দুষ্কৃতিকারীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতা করতে জড়ো হন। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।
 
 
এ মামলায় ডরিনের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার রিমান্ড প্রয়োজন।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট