চট্টগ্রামের সুপারশপ থেকে সংগ্রহ করা পেয়ারা ও কলার নমুনায় মিলেছে উদ্বেগজনক মাত্রার পারদ। গবেষণায় দেখা গেছে, একটি পেয়ারা নমুনায় পারদের পরিমাণ অনুমোদিত সীমার প্রায় ২৩ গুণ এবং কলায় প্রায় ১৬ গুণ। শুধু পারদই নয়, পাঁচ ধরনের ফলে পাওয়া গেছে সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতুও।
চট্টগ্রামের বাজারে পাওয়া যায় এমন পাঁচ ধরনের ফলের ওপর গবেষণা চালিয়ে এসব তথ্য পেয়েছেন গবেষকেরা। ফলগুলো হলো- পেয়ারা, কলা, আম, পেঁপে ও আনারস। চট্টগ্রামের স্থানীয় বাজার, সুপারশপ এবং রাঙামাটির উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা ৪৫টি নমুনা পরীক্ষা করে এসব ধাতুর উপস্থিতি শনাক্ত করা হয়। গবেষণায় বলা হয়েছে, কয়েকটি নমুনায় ধাতুর উপস্থিতি নির্ধারিত নিরাপদ মাত্রা ছাড়িয়েছে। এতে নিয়মিত ফল খাওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়েশা বেগমের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়। গবেষণায় যুক্ত ছিলেন সিভাসুর একই বিভাগের গবেষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক, গবেষণাটির বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মো. শাহান শাহরিয়ার, সিভাসুর স্নাতকোত্তর (এমএস) শিক্ষার্থী অর্থিতা বড়ুয়া ও মাহাদি আল হাসান রাহাত। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-টি-১ (পিআর রিভিউ জার্নাল) এ প্রকাশিত হয়েছে।
জানা যায়, গবেষণার জন্য ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। এতে উৎপাদন এলাকা হিসেবে রাঙামাটির পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামের স্থানীয় ফলের বাজার এবং সুপারশপকে অন্তর্ভুক্ত করা হয়। পরীক্ষায় ফলের মধ্যে ক্রোমিয়ামের উপস্থিতি তুলনামূলক বেশি পাওয়া গেছে। গড়ে আমে প্রতি কেজিতে ১ দশমিক ৩৯৯ মিলিগ্রাম, পেঁপেতে ১ দশমিক ২৬৮ মিলিগ্রাম, পেয়ারায় ১ দশমিক ২০০ মিলিগ্রাম, কলায় ১ দশমিক ০৬৭ মিলিগ্রাম এবং আনারসে দশমিক ৮৬৯ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে। সুপারশপের আমের একটি নমুনায় ক্রোমিয়ামের পরিমাণ ছিল প্রতি কেজিতে ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম।
অন্যান্য ধাতুর মধ্যেও কিছু নমুনায় উদ্বেগজনক মাত্রা পাওয়া গেছে। রাঙামাটির উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় সিসার পরিমাণ ছিল প্রতি কেজিতে ১ দশমিক ৬৮৭ মিলিগ্রাম। সুপারশপের পেয়ারায় আর্সেনিক পাওয়া গেছে দশমিক ২৭২ মিলিগ্রাম এবং রাঙামাটির পেয়ারায় ক্যাডমিয়াম দশমিক ০৭৪ মিলিগ্রাম। গবেষণায় পারদের জন্য তাজা ফলে অনুমোদিত সর্বোচ্চ মাত্রা প্রতি কেজিতে দশমিক ০৩ মিলিগ্রাম ধরা হয়েছে। সেই হিসাবে সুপারশপের পেয়ারা নমুনায় দশমিক ৬৯১ মিলিগ্রাম এবং কলায় দশমিক ৪৭৮ মিলিগ্রাম পারদ পাওয়া যায়।
গবেষকেরা ফল খাওয়ার মাধ্যমে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিও হিসাব করেছেন। এতে কয়েকটি ফল ও বিক্রয়স্থলের নমুনায় একাধিক ধাতুর সম্মিলিত প্রভাবে ঝুঁকির সূচক নির্ধারিত নিরাপদ সীমার ওপরে পাওয়া গেছে। সুপারশপের পেয়ারা নমুনায় এ সূচক ছিল ৫ দশমিক ০৮৬, কলায় ২ দশমিক ৭৯২ এবং স্থানীয় বাজারের পেঁপেতে ২ দশমিক ৫৬৫। গবেষণায় সব ধাতু ও ফলের নমুনা মিলিয়ে সম্মিলিত ঝুঁকি সূচক পাওয়া গেছে ২৪ দশমিক ৬০২। এর মধ্যে পারদের অবদান ৬৫ দশমিক ৭ শতাংশ।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এসব ঝুঁকির হিসাবকে সরাসরি কোনো ব্যক্তির রোগে আক্রান্ত হওয়ার প্রমাণ হিসেবে দেখা যাবে না। বিশেষ করে পারদের ফলাফল প্রাথমিক। কারণ পরীক্ষায় ব্যবহৃত নমুনায় পারদের নির্ভুলতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় স্বীকৃত মানদণ্ড ছিল না এবং স্বাধীনভাবে পুনরায় পরীক্ষা করা হয়নি। একইভাবে ক্রোমিয়ামের মোট পরিমাণ মাপা হয়েছে; এর মধ্যে কোন ধরনের ক্রোমিয়াম কতটুকু রয়েছে, তা নির্ণয় করা হয়নি। ফলে ক্রোমিয়াম থেকে ক্যানসারের ঝুঁকির হিসাবকে গবেষকেরা সম্ভাব্য সর্বোচ্চ ঝুঁকির অনুমান হিসেবে বিবেচনা করেছেন।
গবেষণাটির তত্ত্বাবধায়ক ও সিভাসুর গবেষক অধ্যাপক ড. আয়শা বেগম বলেন, চট্টগ্রামের ফল সরবরাহ শৃঙ্খলে ভারী ধাতুর উপস্থিতি ও তার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ভিত্তি বা বেজলাইন তথ্য। উৎপাদনস্থল থেকে শুরু করে স্থানীয় বাজার ও সুপারশপ- সব পর্যায়ে ফল ও সরবরাহ ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন ও সুরক্ষিত থাকতে পারেন।
পূর্বকোণ/নুসরাত


















