চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাকিস্তানের সংসদে দাদার ছবি দেখে আবেগে ভাসলেন হুমাম কাদের

পাকিস্তানের সংসদে দাদার ছবি দেখে আবেগে ভাসলেন হুমাম কাদের

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ১০:২২ অপরাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় সংসদ ভবনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। সেখানে সাবেক স্পিকারদের সারিতে নিজের দাদা মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ছবি দেখে তিনি গর্ব ও আবেগে ভাসেন।
 
সরকারি সফরে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন হুমাম কাদের চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি সেখানে গেছেন। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
 
বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের সংসদ ভবন পরিদর্শনে যান প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে সাবেক স্পিকার হিসেবে নিজের দাদার ছবি দেখে সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন হুমাম কাদের।
 
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’
 
তিনি আরও লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’
 
দাদার ছবির তাৎপর্য তুলে ধরে তিনি লেখেন, ‘আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক।’
 
এদিকে সফরের অংশ হিসেবে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলটি ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন ছাড়াও পাকিস্তানের ‘উইমেনস পার্লামেন্টারি ককাস’ (ডব্লিউপিসি)-এর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।
 
সভায় দ্বিপাক্ষিক সংসদীয় সহযোগিতা জোরদার, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বাংলাদেশে সর্বদলীয় ‘উইমেনস পার্লামেন্টারি ককাস’ গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ‘সাউথ এশিয়ান রিজিওনাল উইমেন পার্লামেন্টারিয়ানস নেটওয়ার্ক’ পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট