চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরার পর সম্পদ বাড়লো ট্রাম্পের

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরার পর সম্পদ বাড়লো ট্রাম্পের

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ণ

জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। গত ১২ নভেম্বর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসার জেরে পদত্যাগ করেছিলেন এআই জগতের এই প্রভাবশালী কর্মকর্তা।

জেনসেনের ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে এনভিডিয়ায় থাকা ডোনাল্ড ট্রাম্পের শেয়ারের দাম ১৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি ৫০ লাখ টাকা) বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ট্রাম্প এনভিডিয়ার শেয়ার থেকে ‘সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার’ আয় করেছেন।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন, ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েম। সম্প্রতি জেনসেনের বিরুদ্ধে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। এর দুটি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে হলেও অপরটি এক চীনা গুপ্তচরের সঙ্গে ছিল বলে মার্কিন কর্মকর্তারা সন্দেহ করছেন। তবে চীন এই দাবিকে ভিত্তিহীন বলেছে।

এসব খবর সামনে আসার জেরে জেনসেন পদত্যাগ করেন। তবে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে আবার প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনে।

ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি বোর্ডের সঙ্গে কথা বলে তাদের রাজি করিয়ে এই চুক্তি করেছেন। সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার শেয়ার ৩১.৫ শতাংশ বেড়ে কোম্পানির বাজারমূল্যে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলার যুক্ত হয়। হুয়াংয়ের ফেরার এই খবরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও বড় উত্থান দেখা যায়। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রধান সূচকগুলো বেড়েছে।

সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের হাতে এনভিডিয়ার ৩ লাখ ৭০ হাজার পর্যন্ত শেয়ার থাকতে পারে। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সমালোচনাও শুরু হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো ঘোষণার আগে শেয়ার লেনদেনের তদন্ত দাবি করেছেন এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম সামান্য কমেছে।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট