যানজটের ভোগান্তি কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের যানজটপ্রবণ সাত স্থানে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শান্তিরহাট, আমজুরহাট, কমল মুন্সি, রওশনহাট, মোহাম্মদপুর বাদামতল, পদুয়া ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা। কোথাও ৮০০ মিটার, কোথাও ১ হাজার ৮০০ মিটার পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় সমতল সড়ক প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরমুখী যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়াতে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও সওজের যৌথ সমীক্ষায় যানজট, নির্মাণ ব্যয়, ভূমি অধিগ্রহণ, পরিবেশ ও সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে মহাসড়কের নকশায় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
গত সোমবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (পর্ব-২)-এর পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন, ভ‚মি অধিগ্রহণ এবং পুনর্বাসন কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন জাইকা সার্ভে টিমের বিশেষজ্ঞরা। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাইকা সার্ভে টিমের প্রধান রিনা খানম, রিসেটেলমেন্ট বিশেষজ্ঞ চন্দন কুমার দাশ, পরিবেশ বিশেষজ্ঞ মো. বশির আহমেদ, পরিবেশ বিশেষজ্ঞ মো. গিয়াস উদ্দিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আবু সালেহ ফয়সাল।
জানা গেছে, পরিকল্পনায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে পটিয়ার শান্তিরহাটে। প্রাথমিকভাবে সমতল সড়ক প্রশস্ত করার চিন্তা থাকলেও যানজটের তীব্রতা বিবেচনায় এখানে ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ উড়ালসড়কের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ৯০০ মিটার সেতু এবং ৪০০ মিটার মাটির কাজ থাকবে। আমজুর হাটে ৮০০ মিটার, কমল মুন্সির হাটে ৮০০ মিটার এবং রওশন হাটে ১ হাজার ২০০ মিটার উড়ালসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুর বাদামতলে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা প্রস্তাবিত সাতটি স্থানের মধ্যে দীর্ঘতম। পদুয়ায় নির্মাণের পরিকল্পনা রয়েছে ১ হাজার ৫০ মিটার উড়ালসড়ক।
শুধু যানজট নিরসন নয়, পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পের নকশায়। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় ৪০০ মিটার দীর্ঘ আংশিক উড়ালসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। এর উদ্দেশ্য হাতির চলাচলের পথ অক্ষুণ্ণ রাখা এবং বনাঞ্চলের ওপর সড়ক উন্নয়নের নেতিবাচক প্রভাব কমানো। তবে মহাসড়কের সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে না।
যানজটের মাত্রা ও ভূমি অধিগ্রহণের প্রয়োজন বিবেচনায় গাছবাড়িয়া, বাগিচাহাট, দক্ষিণ হাসিমপুর বড়পাড়া, ঠাকুরদীঘিপাড়, খরহাট, হারবাং ও বরইতলীতে সমতল সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। বানিয়ারছড়ায়ও প্রাথমিকভাবে উড়ালসড়কের বিষয়টি বিবেচনায় থাকলেও পরবর্তী মূল্যায়নে সমতল সড়ক প্রশস্ত করার সুপারিশ করা হয়েছে।
সমীক্ষায় নির্মাণ ব্যয়, ট্রাফিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, নির্মাণযোগ্যতা, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ এ ছয়টি সূচকে বিকল্প নকশা মূল্যায়ন করা হয়েছে। সমতল সড়কের তুলনায় উড়ালসড়ক নির্মাণে ব্যয় প্রায় ১৮ থেকে ২৩ গুণ বেশি হতে পারে। তারপরও ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় ভূমি অধিগ্রহণ, দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ কমাতে উড়ালসড়ককে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এদিকে প্রকল্পের আওতায় আনুমানিক দুই হাজার স্থাপনা আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে ভ‚মি অধিগ্রহণ পরিকল্পনা এবং পুনর্বাসন কর্মপরিকল্পনা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত আইন ও জাইকার পরিবেশগত-সামাজিক সুরক্ষা নীতিমালা অনুসারে ক্ষতিপূরণ প্রদানের পরিকল্পনার কথাও রয়েছে। সড়কের বাঁধের নিচে কালভার্ট সংযোগপথ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচল বাধাগ্রস্ত না হয়।
পূর্বকোণ/নুসরাত

















