পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
বোর্ডের সভার সিদ্ধান্তসংক্রান্ত নথি অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে দুই হাজার টাকার ব্যবধান থাকায় আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
এ অবস্থায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
ভোটের ফলাফলে দেখা যায়, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ১ উপবিধির কথা উল্লেখ করে বলা হয়েছে, উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
অন্য গ্রেড কত?
নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।
মজুরি বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বোর্ডের চতুর্থ সভা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে গোপন ভোটের আশ্রয় নেওয়া হয়।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।
পূর্বকোণ/এএইচ

















