চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফেসবুকে ধর্ষক আখ্যা দিয়ে মানহানির অভিযোগ শিক্ষার্থী এহছানুলের

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

ফেসবুক পোস্ট ও লাইভে ব্যক্তিগত আক্রমণ, পরিবারের নারী সদস্যদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার এবং মামলার নথি প্রকাশ করে হয়রানির অভিযোগে দুই আত্মীয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির চেষ্টায় থাকা চট্টগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ এহছানুল হক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি।
 
রবিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এহছানুল হক।
 
লিখিত বক্তব্যে তিনি জানান, অভিযুক্ত মো. আরমান আলী ও নাহিদা আক্তার তাঁর আত্মীয়। তাঁদের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
 
এহছানুল হকের অভিযোগ, এসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও লাইভে তাঁকে ‘ধর্ষক’ আখ্যা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর রক্তের সম্পর্কের আত্মীয় ও পরিবারের নারী সদস্যদের জড়িয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এমনকি আদালতে দায়ের করা মামলার নথির খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাঁকে সামাজিকভাবে হেয় করা ও হয়রানি করা হচ্ছে।
 
তিনি বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে তিনি নিজে, তাঁর পরিবার এবং বোনের পরিবার সামাজিকভাবে বিব্রতকর ও অপমানজনক পরিস্থিতির মুখে পড়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে আত্মীয়স্বজনের পারিবারিক জীবনেও। পুরো ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
 
এ ঘটনায় তিনি বাদী হয়ে বাকলিয়া থানায় সিআর মামলা নম্বর ৮২৩/২০২৬ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
 
এহছানুল হক আরও দাবি করেন, তদন্ত চলাকালে ভুক্তভোগী কয়েকজন নারী হলফনামার মাধ্যমে অভিযুক্তদের প্রচারিত অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর বক্তব্য এবং পরিবারের নারী সদস্যদের জড়িয়ে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট