চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সুয়াবিলে ৩৫ শতক জমির কাটা ধানে দুর্বৃত্তদের আগুন, নিঃস্ব কৃষক

সুয়াবিলে ৩৫ শতক জমির কাটা ধানে দুর্বৃত্তদের আগুন, নিঃস্ব কৃষক

এস এম মোরশেদ মুন্না

২৫ নভেম্বর, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

কত স্বপ্ন আর কত আশা বুকে নিয়ে আমন ধানের চাষ করেছিলেন ফটিকছড়ির সুয়াবিলের কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর। জমিতে এবার ফলনও হয়েছিল বেশ ভালো। কাটা ধান বাড়িতে তোলার অপেক্ষায় রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন তিনি। তাঁর আশা ছিল, এই ধান বিক্রি করে শোধ করবেন জমে থাকা ধারদেনা, আর ঘোচাবেন পরিবারের অভাব-অনটন।

 

কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল তাঁর সারা বছরের ঘাম, শ্রম আর সাজানো স্বপ্ন। যে ফসলে হাসি ফোটার কথা ছিল, সেই পোড়া ছাইয়ের দিকে তাকিয়ে তিনি নির্বাক ও দিশেহারা। এখন জমির পাশে বসে অঝোরে কাঁদছেন অসহায় এই কৃষক। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বিলে গত ২৩ নভেম্বর শেষ রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষক জাহাঙ্গীরের ৩৫ শতক জমির সম্পূর্ণ পাকা আমন ধান ও খড় পুড়ে ছাই হয়ে গেছে।

 

কৃষক জাহাঙ্গীর জানান, জমি থেকে ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলাম। ভোরে এসে দেখি সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। নিজের চোখের সামনে সারা বছরের কষ্টের ফসল পুড়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম বলেন, ফসল ঘরে তোলার আগে একজন কৃষকের ওপর এমন অত্যাচার মেনে নেওয়ার মতো নয়। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছি। তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই আগুন কৃষকের ধানে লাগেনি, লেগেছে কৃষকের বুকে। উপজেলা কৃষি অফিস থেকে তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট