চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬ | ৯:০৩ অপরাহ্ণ

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে দলটিসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করার আবেদনও জানানো হয়েছে।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এ রিটের খবর জানান আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ ৭ জন এ রিট করেন।

রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে।

আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন এর সাথে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংগঠনসমূহের পক্ষ থেকে বা নামে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ কেন রোধ করা হবে না এই মর্মেও রুল জারির আর্জি জানানো হয়েছে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট