চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ট্রাকের ভারে বেইলি ব্রিজ ধসে গজালিয়া-আজিজনগর যোগাযোগ বিচ্ছিন্ন

ট্রাকের ভারে বেইলি ব্রিজ ধসে গজালিয়া-আজিজনগর যোগাযোগ বিচ্ছিন্ন

লামা সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

বান্দরবানের লামায় খননযন্ত্র (স্কেভেটর) বহনকারী একটি ভারী ট্রাকের ওজনে বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে গজালিয়া ও আজিজনগর ইউনিয়নের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
 
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে গজালিয়া-আজিজনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, আজিজনগর থেকে গজালিয়াগামী একটি ট্রাক স্কেভেটর নিয়ে ব্রিজটির ওপর ওঠে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজন হওয়ায় মুহূর্তের মধ্যেই লোহার পাটাতন ও কাঠামো ভেঙে ট্রাকসহ ব্রিজটি নিচে পড়ে যায়। এ ঘটনায় ব্রিজের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কের বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। ওজন সীমা উল্লেখ করে সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও নজরদারির অভাবে অবাধে ভারী যানবাহন চলাচল করে। এর আগেও একই কারণে একাধিকবার ব্রিজ ভাঙার ঘটনা ঘটেছে।
 
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত বিকল্প সড়ক তৈরির কাজ চলছে। আগামী এক-দুই দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট