চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

টানেল চালুর তিন বছরেও পূর্ণতা পায়নি সংযোগ সড়ক

উন্নয়নকাজের ধীরগতিতে বাড়ছে ভোগান্তি

টানেল চালুর তিন বছরেও পূর্ণতা পায়নি সংযোগ সড়ক

সুমন শাহ

২৫ নভেম্বর, ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

টানেল চালু হয়েছে, যানও চলাচল করছে, কিন্তু যে সংযোগ সড়ক ঘিরে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের প্রত্যাশা, সেই সড়কের উন্নয়নকাজই এখনো অসমাপ্ত। শিকলবাহা থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে একের পর এক সময় বাড়লেও শেষ হয়নি কাজ। এবার প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পাশাপাশি একটি প্যাকেজে ব্যয় বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, কর্ণফুলী টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় ৪০৭ কোটি টাকা।

 

২০২০ সালের ১ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা প্রতিবন্ধকতায় নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে সর্বশেষ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তাতেও কাজ শেষ না হওয়ায় এবার নতুন করে ছয় মাস সময় বাড়ানো হয়েছে।

প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। গত ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ওই প্যাকেজের সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকার তুলনায় ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।

 

প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগ। প্রকল্পের আওতায় শুধু সড়ক চার লেনে উন্নীত করাই নয়, ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। তবে বাস্তবে এসব উন্নয়নকাজের সুফল পেতে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কাজ চললেও সড়কের বিভিন্ন অংশে এখনো অসমাপ্ত অবস্থা বিরাজ করছে। ফকিরনীর হাট, বাদামতল ফাজিল খার হাট, মিয়ার হাট, ডাকপাড়া ও চাতরী চৌমুহনী এলাকায় কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে চাতরী চৌমুহনী বাজারে দুটি ভবন অপসারণ ও জমি অধিগ্রহণের বিষয়টি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, কোথাও সড়ক সম্প্রসারণ করা হলেও কোথাও এখনো কাজ অসমাপ্ত। ফলে সড়কের বিভিন্ন অংশে প্রশস্ততার অসামঞ্জস্যতা তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। নির্মাণকাজের কারণে সৃষ্ট ধুলাবালি ও ভোগান্তিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, উন্নয়নকাজের কারণে পুরো এলাকায় প্রচুর ধুলাবালি তৈরি হচ্ছে। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ধুলার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

 

তবে প্রকল্পের অগ্রগতি নিয়ে আশাবাদী সওজ কর্মকর্তারা। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, শিকলবাহা-আনোয়ারা সড়ক সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট