চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমারের শীর্ষ পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা গণহত্যার রায়

মিয়ানমারের শীর্ষ পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দেওয়ার পর দেশটির পাঁচজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। আইসিজের এ রায় কোনো রাষ্ট্রকে এ অপরাধে দোষী সাব্যস্ত করার প্রথম ঘটনা।
 
রায়ের পর নিষেধাজ্ঞার মুখে পড়া মিয়ানমারের শীর্ষ সামরিক নেতারা হলেন– মিয়ো থুত হ্লাইং, মিয়ো মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সো ও কিয়াও সওয়ার উ।
 
২০১৭ সালে চালানো এক সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে ৭ লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন।
 
আইসিজের এ রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে আরও কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে আছে– অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।
 
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধ প্রতিফলিত হতে হবে এবং তা স্পষ্ট পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
 
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।
 
তিনি ঘটে যাওয়া অনেক নৃশংসতার জন্য সরাসরি দায়ী, কারণ ২০১৭ সালে গণহত্যার সময় তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন।
 
তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের বিচার ও শাস্তি দিতে হবে এবং এমন নৃশংসতা যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।
 
মিলিব্যান্ড আহ্বান জানান, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে সংঘাতে অবিলম্বে বিরতি দিতে হবে, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সংলাপ চালাতে হবে।
 
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ১৯৮৯ সাল পর্যন্ত বার্মা নামে পরিচিত দেশটিতে এভিয়েশন ফুয়েল সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাস করা হবে।
 
এর আগে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পর গত সপ্তাহে তিনি মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কার করেন।
 
সোমবার (২৩ নভেম্বর) তিনি এমপিদের জানান, যুক্তরাজ্য এ সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবে এবং দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
আদালত বৃহস্পতিবার রায়ে বলেন, তারা যেসব প্রমাণ দেখেছেন, তা থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত অনুমান হিসেবে দাঁড়ায়’।
 
বিচারকদের একটি প্যানেল ৯-৬ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায় দেয় আইসিজে।
 
গত সপ্তাহের রায়ে আদালত নির্ধারণ করেন, বাংলাদেশ ও বঙ্গোপসাগর সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ক্লিয়ারেন্স অপারেশনের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
 
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, সেসময় পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং নারী ও শিশুদের ধর্ষণ করা হয়।
 
মিলিব্যান্ড বলেন, ১২ লাখের বেশি শরণার্থী নিজ দেশ থেকে পালিয়ে গেছেন এবং বাংলাদেশ তাদের সহায়তা দিচ্ছে।
 
গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে থাকা অং সান সু চি ২০২১ সালে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন।
 
সূত্র: বিবিসি
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট