চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ গ্রেপ্তার ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৬ | ১:৪১ অপরাহ্ণ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জনকে সিলেটের একটি তারকা হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি হিসেবে পরিচিত এই স্বজনরা পরিবার নিয়ে বেড়াতে গিয়ে ডিবির জালে ধরা পড়েন।
 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান (২৮), তাঁর দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। তাঁদের সকলের স্থায়ী বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।
 
 
বুধবার (২৫ নভেম্বর ) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার অভিজাত ‘হোটেল গ্র্যান্ড প্যালেস’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারসহ সিলেটে অবকাশ যাপনে গিয়ে হোটেল গ্র্যান্ড প্যালেসে অবস্থান করছিলেন বদির স্বজনেরা। মঙ্গলবার মধ্যরাতে এই খবর ছড়িয়ে পড়লে হোটেলটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মহড়া শুরু করেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এতে হোটেল ও জিন্দাবাজার এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
 
 
খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হোটেলটি অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে বুধবার ভোরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
 
 
 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, আবদুর রহমান বদির পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তজুড়ে ইয়াবা ও আন্তর্জাতিক মাদক চোরাচালানের প্রধান পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রেপ্তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিনের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তৈরি করা মাদক কারবারিদের একাধিক গোপন তালিকায় শীর্ষ তালিকায় উঠে এসেছিল।
 
 
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজনকে বর্তমানে সিলেট ডিবি কার্যালয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার কিংবা রাজধানী ঢাকার বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে তাঁদের সংশ্লিষ্ট মামলার তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হবে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট