চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার স্থানীয় নারী-পুরুষের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। পরে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে আনোয়ারা উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।
বিক্ষোভকারীদের প্রতিনিধি স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দীন বলেন, সকাল থেকেই তাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের মূল দাবি ছিল, প্রতিষ্ঠান দুটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ করা এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকেরা সেখানে জড়ো হন।
তিনি আরও বলেন, কেইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা মূল সড়কে অবস্থান নেননি, তারা কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। ফলে যানজটের সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার যোগ্য স্থানীয় নারী-পুরুষকে চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, ‘কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।’
তিনি বলেন, ‘কারখানা চালুর প্রস্তুতি হিসেবে দুই মাস আগে থেকেই নারী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি কর্মী খোঁজার কাজও চলছে। কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের মধ্যে ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতির সমাধান হয়েছে।’
উল্লেখ্য, কেইপিজেডের পক্ষ থেকে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ১৯ ও ২০ নভেম্বর দুই দিনব্যাপী নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানো হয়। এ সময় চাকরিপ্রত্যাশীদের বিভিন্ন তথ্য জানাতে একটি স্টলও স্থাপন করা হয়।
নিয়োগসংক্রান্ত প্রচারের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার তরুণদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই ফেসবুকে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
পূর্বকোণ/পিআর

















