রাতভর ভয়াবহ পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলায় রক্তাক্ত হলো রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন একজন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, কিয়েভ অঞ্চলে হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে রাতভর তল্লাশি চালিয়ে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, বিমান হামলার সতর্কতা সংকেত চলাকালে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হলেও সারা রাতই উদ্ধারকাজ অব্যাহত ছিল।
অন্যদিকে, রাশিয়ার অভ্যন্তরেও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলের গভর্নর দিমিত্রি মাখোনিন জানান, সকালে ড্রোন হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত ও স্প্লিন্টারের আঘাতে দুজন আহত হয়েছেন। গণমাধ্যমের দাবি, রুশ তেল জায়ান্ট ‘লুকঅয়েল’-এর একটি শোধনাগারে এই হামলা চালানো হয়। ড্রোন সতর্কতার কারণে পার্মের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল করা হয়েছে।
রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহরসহ আটটি জেলার আকাশে ৮০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ছয় ঘণ্টাব্যাপী হামলার পর নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব তাতারস্তানেও ড্রোন হামলায় আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান রুস্তম মিনিখানভ।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর তারা ইউক্রেনের জ্বালানি, লজিস্টিকস ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল নিপ্রো শহরের ৩৩০-কিলোভোল্টের একটি সাবস্টেশন, ওডেসা অঞ্চলের ইজমাইল বন্দর স্থাপনা, সামরিক রসদবাহী একটি কার্গো জাহাজ এবং নিপ্রোডজারজিনস্ক রেলওয়ে স্টেশনের কাছে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত দুটি রেলওয়ে ইঞ্জিন।
তবে চলমান যুদ্ধাবস্থার কারণে উভয় পক্ষের পাল্টাপাল্টি এসব দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















