নেপালে তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্পটি হয় বলে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।
কেন্দ্রটি জানায়, সকাল ৭টা ১৭ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়। কাঠমান্ডু ও দেশটির পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩। সংস্থাটি বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে সকাল ৭টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার (৫ দশমিক ৩ রিখটার স্কেল) ভূমিকম্প হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















