পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক দলটির প্রতারণা ও ফাঁদে বুঝে বা না-বুঝে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সরকার কীভাবে দেখছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনি বাধার বিষয়টি ওইভাবে নয়। দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারে আমরা পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চেয়েছি।
’তিনি বলেন, ‘একইভাবে আরও যেসব আসামি রয়েছেন, তারা দণ্ডপ্রাপ্ত হোন বা না হোন, তাদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য। দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে সংশ্লিষ্ট দেশ আসামিদের ফেরত দেয়।
এটি প্রচলিত একটি নিয়মিত প্রক্রিয়া। আমরাও অন্য দেশ থেকে আসামি ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা করি এবং একইভাবে অন্য দেশগুলোকেও আসামি ফেরত দিয়ে থাকি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত আওয়ামী শক্তি বা পলাতক দলটি এ দেশের আত্মগোপনে থাকা তাদের নেতাকর্মীদের বিপদে ফেলছে। তারা যখন এখানে সামাজিকভাবে অঘোষিতভাবে পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) একটি অবস্থায় চলে গিয়েছিলেন, তখন দলটি তাদের আবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাঁরা বুঝে হোক বা না-বুঝে, দলটির প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন। আশা করি, দেশের জনগণ বিষয়টি বুঝবেন এবং তারাও বুঝবেন, পলাতক দলটি যেন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত না করে।’
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো পরের আলোচনা। এ বিষয়ে আমার সঙ্গে কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাতের সময় চেয়েছিলেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনার পরিকল্পনা আছে। সেটা আপনারা জানতে পারবেন।’
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















