ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো সময় ও স্থানে হুমকির তাৎক্ষণিক জবাব দিতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইজাদি বলেন, ‘কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই আমরা যেকোনও মাত্রার এবং যেকোনও ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেব।’
শত্রুপক্ষের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে আইআরজিসির এই শীর্ষ কমান্ডার আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে কিন্তু তাদের কোনও পরিকল্পনাই সফল হয়নি।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চলমান এই অচলাবস্থাকে গত সপ্তাহে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’এমন এক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পূর্বকোণ/এমএইচ

















