যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের অবরোধকে ‘সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, আত্মরক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ রাখা নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, আমরা এসব পদক্ষেপ সহ্য করব না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।
ওয়াশিংটনের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, আমেরিকানরা এটিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ বলছে। কিন্তু এটি নিঃসন্দেহে সামরিক আগ্রাসন। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য যেকোনো উপায় ব্যবহারের অধিকার ইরানের আছে।
হরমুজ প্রণালির ভৌগোলিক গুরুত্বের কারণে এটি বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা ও আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মানচিত্রে দেখা যায়, ইরানের দক্ষিণে বন্দর আব্বাস ও কেশম দ্বীপের কাছাকাছি এই সরু জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে রাখার পাল্টা জবাব হিসেবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রণালির যে অংশ দিয়ে ইরান জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা করা একাধিক জাহাজে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
এমন টানাপোড়েনের মাঝে সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা কার্যত থমকে গেছে। বিশেষ করে গত জুন মাসে স্থায়ী সমাধানের পথ তৈরি করা একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধ প্রত্যাহারসহ তাদের দাবির তালিকায় থাকা বিষয়গুলো যুক্তরাষ্ট্র মেনে নিলে দুই দিনের মধ্যেই প্রণালি খুলে দেওয়া সম্ভব।
ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















