গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। পারিবারিক সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় মেডিকেল বোর্ড বসবে।
আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘মামুনুর রশীদ ভাইকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন অভিনেতা।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
চলতি বছর তার লেখা ‘ওরা কদম আলী’ নাটক মঞ্চায়নের ৫০ বছর পূর্তি হবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















