চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা কাটছে না। আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈঠক শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। অন্যদিকে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) জরুরি সাধারণ সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের মতবিনিময় সভা শুরু হয়। মধ্যরাত পর্যন্ত চলা এ সভায় আন্দোলনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাদের ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ এবং ‘মানি না, মানব না, শরীফুল মানি নাসহ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে স্থাপত্য বিভাগের ভবনের সামনে তাদের আবারও উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে পরবর্তী আন্দোলন কর্মসূচি ও করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে আজ সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এতে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে আলোচিত বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ বিবেচনায় চলমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হবে।
গত সোমবার (২৩ নভেম্বর) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদলের মতবিনিময় হয়েছে। ওই বৈঠকে আলোচিত বিষয়গুলো সমিতির সদস্যদের জানানো এবং বর্তমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতেই জরুরি সভা আহ্বান করা হয়েছে। এতে সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকা এবং শিক্ষক সমিতির নতুন বৈঠক—দুই পক্ষের এসব উদ্যোগের মধ্য দিয়ে চুয়েটের অচলাবস্থা নিরসনে কোনো সমাধান আসে কি না, এখন সেদিকেই নজর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।
পূর্বকোণ/পিআর

















