চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে রপ্তানি চালানে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা রুখে দিল কাস্টমস

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পোশাক রপ্তানির ঘোষণা দিয়ে, স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা করেছে একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রায় ৭৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম শনাক্ত করে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম।

 

কাস্টমসের তথ্যমতে, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি রপ্তানি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পরীক্ষায় দেখা যায়, রপ্তানির জন্য ঘোষণায় তিন ধরনের মোট ৪০ হাজার ৮টি পোশাকের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ছিল ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস, মেনস ও সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট। কিন্তু চালানে এসব পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।

 

চালানটির ঘোষিত রপ্তানি মূল্য ছিল ৫২ হাজার ১০.৪০ মার্কিন ডলার। পণ্যগুলোর গন্তব্য দেখানো হয়েছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।

 

প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস জানতে পারে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় আমদানি করা বিভিন্ন ধরনের সুতা ও কাঁচামাল এবং পোশাকের আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের ঘোষণা দিয়ে পণ্য রপ্তানির চেষ্টা করেছে। এসব কাঁচামালের মধ্যে ছিল অর্গানিক কটন, নাইলন, পলিয়েস্টার ও রিসাইকেলড পলিয়েস্টার। এ ছাড়া রপ্তানি পণ্যে আরএফআইডি, মেটাল জিপার ও বিভিন্ন ধরনের লেবেল ব্যবহারের তথ্যও রয়েছে। এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রাম জানিয়েছে, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট