চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলার ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদের শিরোনাম হওয়া এই নেতা শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার (২৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সিদ্ধান্তক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আনোয়ারের ছেলে।
এ বিষয়ে জানতে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের কাছে বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি ভিডিওর বিষয়টি স্বীকার করেছেন। সেখানে তিনি দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে। প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি।
এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, সংগঠনের কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর বা নৈতিক স্খলনজনিত কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল যা সিদ্ধান্ত নিয়েছে আমরা তার বাইরে না।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুউদ্দীন সবুজ মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবেও তার নিয়োগের তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার সহকারী সচিব মারুফা সুলতানার স্বাক্ষরিত ১৩ জুনের অফিস আদেশে গত ১৭ ফেব্রুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। তবে এ নিয়োগ নিয়ে সংসদ সদস্যের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে সংসদ সচিবালয় থেকে তাকে ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটিতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ পান শেখ মোহাম্মদ হোসেন নয়ন।
পূর্বকোণ/আরআর


















