চট্টগ্রাম নগরীর নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই গুরুতর। ঘটনাটি রাতের হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস জেনেছে আজ বুধবার সকালে।
তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভবন মালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন কিংবা গ্যাসের সিলিন্ডার ছিল না। বিস্ফোরণের পর বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছরের মেয়ে আরিফা বেগম। তাঁদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।
নগরের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে আজ বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে, নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট বিষয়টি তদন্ত করছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে।

















