চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

তিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক বহিষ্কার

তিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক বহিষ্কার

সংবাদদাতা ফটিকছড়ি

১৬ জুন, ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের একটি মাদ্রাসায় তিন শিশু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহীন উদ্দীন (৩১) নামের এক শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

সোমবার (১৫ জুন) মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত এক সালিশী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অভিযুক্ত শাহীন উদ্দীন উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম হাসনাদ এলাকার মৃত বদিউল আলমের ছেলে। তিনি স্থানীয় খিল্লাপাড়া হযরত আব্দুল কাদের জিলানী (রা.) ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা চলাকালীন বিভিন্ন সময়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন। শিক্ষকের এমন আচরণে অতিষ্ঠ হয়ে ওই তিন শিক্ষার্থী বিষয়টি তাদের পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

অভিযোগের ভিত্তিতে সোমবার মাদ্রাসা কার্যালয়ে এক সালিশি বৈঠকের আয়োজন করে কর্তৃপক্ষ। বৈঠকে শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে উপস্থিত অভিভাবক ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

 

এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ভুক্তভোগী এক শিক্ষার্থীর প্রবাসী অভিভাবক বলেন, “শ্রেণিকক্ষে সন্তানদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি প্রবাসে থেকে চরম দুশ্চিন্তায় আছি এবং এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।

 

মাদ্রাসার পরিচালক মাওলানা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা কোনো আপস করেননি। তিনি বলেন, “অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে”।

 

এদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ভুক্তভোগী ছাত্রীর পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ কেউই বিষয়টি পুলিশকে জানায়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট