সীতাকুণ্ড এক শিপব্রেকিং ইয়ার্ড মালিকের গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি শেষে না পেয়ে কর্মকর্তাদের মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বিএসবিআরএ। এ ঘটনায় জাহাজ ভাঙা শিল্প মালিকদের জান-মালের নিরাপত্তা চেয়ে গতকাল (সোমবার) চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে আবেদন করেছে বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড শিপ রি-সাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ)।
পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনে বিএসবিআরএ’র ভারপ্রাপ্ত সচিব মো. নাজমুল ইসলাম বলেন, বিএসবিআরএ’র সদস্যগণ দীর্ঘকাল ধরে বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। গত শনিবার সন্ধ্যায় এই সংগঠনের সদস্য বিওবি রিসাইক্লার্স এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন নবী মানিক ইয়ার্ড থেকে ফেরার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্বারা অবরুদ্ধ হন।
উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র তার গতিরোধ করে মোটা অংকের টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। শিপব্রেকিং এসোসিয়েশন মনে করে এ ধরনের প্রকাশ্যে চাঁদাবাজি সামগ্রিক ব্যবসার পরিবেশকে হুমকি ও চ্যালেঞ্জর মুখে ফেলবে। তাই ব্যবসার পরিবেশ নিরাপদ ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে চট্টগ্রাম পুলিশ সুপারের নিকট আবেদন জানানো হয়।
পূর্বকোণ/আদর


















