রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে আট ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ৯টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ এলাকার বাসিন্দা শাহ আলমের বাসা থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।
বাসার মালিক শাহ আলম জানান, অজগরটি তার বাসার দুটি মুরগি খেয়ে ফেলেছিল। তবে সাপটিকে আঘাত বা হত্যা না করে তিনি দ্রুত বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি বলে বন বিভাগ নিশ্চিত করেছে।
পরবর্তীতে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় বেলা ১২টায় অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কের হেলিপ্যাড পুলিশ লাইন সংলগ্ন গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক আবু কাওসার এবং ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যগণ।
সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার এই বিষয়ে জানান, বর্তমানে বনের মধ্যে পর্যাপ্ত খাদ্য না থাকায় বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে এবং সাধারণ মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















