যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলটসহ ৮ জনের সবাই নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান এডওয়ার্ডস বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যেই জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো-তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের বাইরে থাকা উড়োজাহাজগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে।
ঘাঁটির বিধ্বস্ত স্থানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠছে এবং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ।
উল্লেখ্য, বি-৫২ হেভি বোমারু বিমান বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানগুলোর একটি। ১৯৫০-এর দশকে এটি প্রথম যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করা হয়। মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে এটি এখনো একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্র: এনডিটিভি
পূর্বকোণ/ইবনুর


















