চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

নিহত মাসুদুল হক চৌধুরীকে (৪৫)।

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২৬ | ১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।

 

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে নিহতের ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া পাঁচজন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকির মিয়াসহ মোট ১১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার সব আসামিকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে আশরাফিয়া ফার্মেসির সামনে সশস্ত্র দুর্বৃত্তরা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। নিহত মাসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত আবদুল খালেকের ছেলে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন অস্ত্রধারীকে শনাক্ত করে পুলিশ।

 

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলায় অংশ নেওয়া পাঁচজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। গুলির মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন মাসুদ। পরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। একপর্যায়ে দুজন হামলাকারী ফিরে এসে তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট