চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ও রাতে পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে মিরসরাই থানা-পুলিশ ও কুমিরা নৌ পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার সোনাইছড়ি পাহাড়ের চূড়া থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুরতহাল প্রতিবেদনে
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পাহাড়ের ওপরে বিবস্ত্র অবস্থায় এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার সমুদ্র উপকূল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন কুমিরা নৌ পুলিশ।
পুলিশ জানায়, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরনে কালো রঙের টি-শার্ট ও মেরুন রঙের ট্রাউজার ছিল। মরদেহটি বেশ কয়েক দিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে এবং ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি আনুমানিক ৭ থেকে ৮ দিন আগের। পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর


















