চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মামুন (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মামুন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের ছেলে এবং তিনি ফটিকছড়ি সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াবাজারে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মামুন মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মামুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং নয়াবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এবং এতে মামুন নামের ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















