চাঁদ দেখার মধ্য দিয়ে সৌদি আরব, আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে ইসলামী নতুন বছর ১৪৪৮ হিজরি। মঙ্গলবার (১৬ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ১০ মহররম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ২৫ জুন।
সোমবার (১৫ জুন) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আমিরাতের ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে মহররমের ১০ তারিখ পালন করা হয় পবিত্র আশুরা। বিশেষ করে, কারবালার মর্মান্তিক ঘটনার জন্য দিনটি মুসলিমদের কাছে শোক, স্মরণ ও তাৎপর্যের।
এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দিনটি মুসলিম বিশ্বে শোকের প্রতীক হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
তবে শুধু কারবালা নয়, মহররম মাসের ১০ তারিখে আসমান-জমিন সৃষ্টি, হযরত আদম (আ.)-এর সৃষ্টিসহ আরও বহু ঘটনার তাৎপর্য রয়েছে। ইসলামি বর্ণনা অনুযায়ী, এ দিন মহান আল্লাহ অনেক নবীকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন।
পূর্বকোণ/পিবিরা


















