কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর পল্লব দে (৪০) নামে এক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া সংলগ্ন ঈদগাঁও নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্লব দে ওই ইউনিয়নের বঙ্কিমবাজার এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি দুই কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পল্লব দে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খোঁজ পাননি। মঙ্গলবার দুপুরে ছাতিপাড়া এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের তথ্যমতে, পল্লব দে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং স্থানীয় বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন কাজে সহায়তা করতেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনরা নিহতের পরিচয় শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















