চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ১০টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এ সময় দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শিশুটির নাড়িও তখনো কাঁচা অবস্থায় ছিল।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটি উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালটিতে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক বলেন, “সকাল ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতক শিশুটি এভাবে ফেলে গেছে তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















