চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ২৫ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা থাকলেও অঞ্চলভেদে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।
পূর্বকোণ/ইবনুর
















