দেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রবিবার (২ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই সময়ের মধ্যে নির্দিষ্ট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জারি করা হয়।
এদিকে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং এই সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয় নি।
পূর্বকোণ/এএইচ
















