পটুয়াখালীসহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেড়েছে এবং সাগর অস্বাভাবিকভাবে উত্তাল রয়েছে।
গত কয়েকদিন ধরে পটুয়াখালীসহ আশপাশের বিভিন্ন জেলায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে নদীবন্দরগুলোকেও সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌযানগুলোকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলবাসীকেও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পিবিরা















